কক্সবাজারের মহেশখালীতে কলায় বিষ মিশিয়ে একাধিক বানর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনটি মৃত বানর উদ্ধার করেছ বন বিভাগ।
মঙ্গলবার বিকেলে মহেশখালী উপজেলার পানিরছরা-বড়মহেশখালী সীমান্তের ভারিতিল্যা ঘোনা পাহাড়ের শেষ সীমানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. এরফান জানান, পাহাড়ের ঢালুতে লাউ ক্ষেতের পাশেই মৃত অবস্থায় বানরগুলো দেখতে পাওয়া যায়। পরে বন বিভাগকে জানানো হয়।
তিনি জানান, বুধবার সকালে বন বিভাগের লোক এসে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দু’টিসহ তিনটি মৃত বানর উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজতালুক পাড়ার বাসিন্দা নাজমুলের লাউ ক্ষেতে বানরগুলো প্রায় সময় নেমে ক্ষেত বিনষ্ট করতো। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোনো এক সময় বিষ মিশ্রিত কলা রেখে যায়। বানরগুলো ওই কলা খেয়ে মারা যায়। পরে অন্য বানর যাতে না আসে এ জন্য খুঁটিতে মৃত বানর ঝুলিয়ে রাখা হয়।
এ বিষয়ে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া বলেন, সন্ধ্যায় বানর হত্যার বিষয়টা শুনে আমরা আজ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃত তিনটি বানর উদ্ধার করি।
তিনি জানান, এ ঘটনায় আলাদা তদন্ত টিম করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।