ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বেড়েছে ভারতীয় বানরের উপদ্রুপ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। ওই এলাতার কয়েকটি গ্রামের দোকান ও ঘরবাড়িতে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে বানরগুলো। এমনকি কৃষকদের ফসলি জমি নষ্ট করছে। তাদের হাত থেকে বাঁচতে এলাকায় পাহারা দিচ্ছেন গ্রামবাসী।
সরেজমিন দেখা গেছে , ভারত থেকে হাজার হাজার বানর ঢুকে সামীন্ত এলাকায় প্রতিনিয়ত ঢুকছে। বিএসএফ কয়েক হাজার বানর এনে ভারতীয় সীমান্ত ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলো বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে। ফেনী সীমান্ত এলাকায় এসে এসব বানর নষ্ট করছে কৃষকের ফসলি জমি।
এতে চরম বিপাকে পড়েছেন সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ। কয়েক মাস যাবৎ এমনটি ঘটছে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা, ফকিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়ার সীমান্তবর্তী এলাকায়। বানরের হাত থেকে সবজি, ফল, খাবার রক্ষায় দিনরাত লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় আলিমুন্নেছা বলেন, আমাদের কিছু করার নেই। কারণ বানরগুলো দল বেঁধে আক্রমণ করে। রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে যায়। আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে।
সামাজিক বন বিভাগের ফেনীর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, বানরগুলো বনাঞ্চলে খাবার সংকটের কারণে মূলত লোকালয়ে নেমে এসেছে। বানর নিরীহ প্রাণী, এদের মারা যাবে না। আগুন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বানরগুলোকে তাড়াতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় বন বিভাগের লোকবল পাঠানো হয়েছে।
