প্রাইভেটকারের চাকা ফেটে দাদি নিহত, বর-কনে আহত

বর-কনে বহনকারী প্রাইভেটকার চাকা ফেটে উল্টে গিয়ে কনের দাদির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বর-কনেসহ তিনজন।

বুধবার ভোরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায়।

নিহত মোহসেনা বেগম (৬৫) জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী এবং কনের দাদি। আহতদের কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কিশোরীগঞ্জ উপজেলার কেশবা গ্রামের বুদা মাহমুদের ছেলে আলিমুল হকের (২৩) সঙ্গে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সোহরাব হোসেনের মেয়ে আফিয়া বেগমের (১৯) বিয়ে হয়।

আনুষ্ঠানিকতা শেষে বুধবার ভোরে কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি প্রাইভেটকারে বর-কনে এবং কনের দাদি মোহসেনা বেগম (৬৫) ও নানি জোবেদা বেগম (৬৭) ছিলেন।

জলঢাকা-কিশোরীগঞ্জ রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটির পেছনের ডান দিকের চাকা ফেটে গেলে এটি রাস্তার পাশে উল্টে যায়।

অন্য গাড়ির বরযাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কনের দাদি মোহসেনা বেগমের মৃত্যু হয়। বর-কনে ও কনের নানি চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক নাঈম (২৫) পালিয়ে যান।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।