শিশু তুহিনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। আট দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার অসহায় মা-বাবার।
তুহিন গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের আবুল কাশেম ও তহুরা আক্তার দম্পতির ছেলে। তার বয়স ১৪ বছর।
মহানগরীর গাছা মেট্রোপলিটন থানা এলাকায় কাথারো আবদুস সালামের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত তুহিন।
গত ৬ অক্টোবর দুপুর ১টার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। এর পর থেকে আর কোনো খোঁজ নেই।
পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ৮ অক্টোবর গাছা মেট্রো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৩৯৫।
জিডিতে বলা হয়, তুহিনের গায়ের রঙ শ্যামল, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও খয়েরি রঙের টি-শার্ট।
কেউ তুহিনের খোঁজ পেলে ০১৯৪৩৫৮৩৮৪৩ নম্বর কিংবা গাছা থানার এসআই উৎপল কুমারের ০১৭১০৭৪১৬৪৪ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।