পূজার উপহার-মিষ্টি নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

মেয়ের শ্বশুরবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার, মিষ্টি ও বাড়িতে রান্না করা খাবার নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রথিন্দ্রনাথ রায় (৫৭) নামে এক বাবার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রথিন্দ্রনাথ তিনি খানসামা উপজেলার দুহসহ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা জয়ন্ত কুমার রায় (২৫) নামে এক যুবক আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মজিদ জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ উপজেলার মাহানপুর গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে উপহার, মিষ্টি ও বাড়িতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কালিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রথিন্দ্রনাথ নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত জয়ন্ত কুমার রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।