যাত্রা শুরু করল ‘জিম্যাক এক্সপ্রেস’

গ্রাহকদের কাছে নিরাপদে পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হোম ডেলিভারি সার্ভিস ‘জিম্যাক এক্সপ্রেস’। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিটির মধ্যে পণ্য সরবরাহে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে জিম্যাক কার্যালয় উদ্বোধন করেন আজকের ডিল ও বিডিজবসের সিইও ফাহিম মাশরুর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি ও বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ, জিম্যাক এক্সপ্রেসের পরিচালক রাকিব হাসান নাহিদ, আইরিন খাতুন, মাহতাব শফি, এফআই মাসউদ ও আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাহিম মাশরুর বলেন, অনেক যুবক কুরিয়ার সার্ভিসের কাজে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, তেমনি খন্ডকালীন কাজ করেও অনেক শিক্ষার্থী নিজেকে স্বাবলম্বী করে তুলছেন। নিত্যপণ্য থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু ঘরে বসে পাওয়ার সুযোগ থাকায় এখন হোম ডেলিভারি সার্ভিসের সুবিধা নিচ্ছেন অনেকে। শুধু রাজধানীই নয়, এই সুবিধা মিলছে জেলা শহরগুলোতেও।

জিম্যাক এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হাসান বলেন, বর্তমান সময়ে প্রচুর কেনাবেচা হচ্ছে অনলাইনে। হোম ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান অনেকগুলো থাকলেও সময়মতো গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্রেতারা যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে ই-কমার্স থেকে, তেমনি ক্ষুদ্র উদ্যোক্তারাও পড়ছে বিপাকে। আমরা এই সমস্যা সমাধানে কাজ করব।