বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মাদ্রিদ কোর্ট। ২০১৭ সালে স্ত্রীর প্রতি সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করায় এই শাস্তি পেলেন ২৫ বছর বয়সী ফরাসি তারকা।
বুধবার আদালত জানায়, আগের স্থগিত কারাদণ্ডাদেশ অমান্য করেছেন হার্নান্দেজ।
আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে হবে হার্নান্দেজকে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন ২০১৮ সালে বিশ্বকাপজয়ী তারকা।
চার বছর আগে বান্ধবীর সঙ্গে মারামারিতে জড়ান হার্নান্দেজ। ওই সময় তিনি খেলতেন অ্যাতলেতিকো মাদ্রিদে। এই সহিংসতার জন্য বান্ধবীর কাছ থেকে দূরে থাকার জন্য হার্নান্দেজকে নির্দেশ দেয় আদালত।
২০১৯ সালে আদালতের আদেশ অমান্য করায় হার্নান্দেজকে ৬ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দেয় আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিলও করেন তিনি।
স্পেনে, সাধারণত দুই বছরের কম দণ্ডপ্রাপ্তদের কারাগারে যেতে হয় না। কিন্তু হার্নান্দেজের ক্ষেত্রে এই অপরাধের পুনরাবৃত্তি ঘটেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে বান্ধবীকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হন হার্নান্দেজ। দুজনের মধ্যে সামান্য মারামারিও হয়। আঘাত পাওয়ায় তার বান্ধবীকে হাসপাতালেও নেওয়া হয়। অবশ্য সেই সময়ের ঘটনা ভুলে পরে ওই বান্ধবীকেই বিয়ে করেন ফরাসি তারকা।