ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রহীম স্টার্লিং জানিয়েছেন, ইতিহাদ স্টেডিয়ামে থাকাকালীন যদি বেশি ম্যাচ খেলতে না পারেন তবে তিনি বিদেশে খেলার জন্য প্রস্তুত।
সিটিজেনদের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি আছে ২৬ বছর বয়সী ইংলিশ তারকার। ‘তরুণ বয়স থেকে’ বিদেশে খেলার স্বপ্ন দেখেন বলে জানান তিনি।
স্টার্লিং বলেন, ‘যদি অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকে, তবে আমি তার জন্য প্রস্তুত। সময়ের এই মুহূর্তে, ফুটবল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় এমন কিছু ভেবেছি, একদিন আমি বিদেশে খেলব এবং দেখব কীভাবে আমি চ্যালেঞ্জটা মোকাবিলা করি।’
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে শুরুর একাদশে তেমন জায়গা পাচ্ছেন না স্টার্লিং। তবে গত ২৮ সেপ্টেম্বর, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পিএসজির বিপক্ষে পেপ গার্দিওলার শুরুর একাদশে সুযোগ হয় তার।
অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তার ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ জ্যাক গ্রিলিশ ইতিহাদে আসার পর থেকে শুরুর একাদশে জায়গা অনিয়মিত হয়ে পড়েছে স্টার্লিংয়ের। এছাড়া, আক্রমণভাগে কোচ গার্দিওলার আরেক পছন্দের অস্ত্র হয়ে উঠেছেন ফেরান তোরেস।
২০১৫ সালে লিভারপুল ছেড়ে সিটিতে যোগ দেন স্টার্লিং। সিটিজেনদের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও চারবার ইএফএল কাপ জিতেছেন তিনি।