হিলিতে কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ থেকে ৬০ টাকা

ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও হিলির বাজারগুলোতে দেশীয় কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। পাঁচ দিন আগেও প্রতি কেজি দেশীয় কাঁচামরিচ ১শ থেকে ১শ ২০টাকা কেজি দরে হয়েছে।

কাঁচামরিচের দাম একেবারে অর্ধেকে নেমে আসায় নিম্ন আয়ের মানুষজনকে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

বাজারে কাঁচামরিচ কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, আগের চেয়ে কাঁচামরিচের দাম কমায় আমাদের জন্য সুবিধা হয়েছে, টাকা কম লাগছে, যার জন্য দরকার মতো কিনতে পারছি। আর ভারতীয় কাঁচামরিচের চেয়ে আমাদের দেশীয় কাঁচামরিচের মান ভালো, স্বাদ ভালো। এ কারণে আমরা দেশীয় কাঁচামরিচ কিনতে বেশি পছন্দ করি।

অপর ক্রেতা নুর ইসলাম বলেন, বাজারে তো সব জিনিসের দামই আকাশচুম্বী, সেখানে কাঁচামরিচের দাম কমায় সাধারণ মানুষদের সুবিধাই হচ্ছে। আর দাম কমার কারণে একটু বেশি পরিমাণে কিনতেছি, আগে যেখানে দাম বেশি থাকার কারণে আড়াই শো গ্রাম কিনেছি এখন দাম কমার কারণে সেখানে হাফ কেজি বা ১কেজি কাঁচামরিচ কিনতেছি।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন ও বাবলু শেখ বলেন, কিছুদিন আগে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে যায়। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। পরবর্তীতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়। তবে এখন আবহাওয়া ভালো থাকায় ও শীতের ভাব পড়ায় কাঁচামরিচের উৎপাদন ভালো হচ্ছে, ফলে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ বেড়েছে। পূজার কারণে ১১ সেপ্টেম্বর থেকে বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বন্ধ থাকলেও দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় এর কোন প্রভাব পড়েনি, উল্টো দাম আরও কমেছে।