টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। শুরুতে অনীহা প্রকাশ করলেও বিসিসিআইয়ের প্রস্তাব গ্রহণে রাজি হয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত এই কিংবদন্তি ব্যাটসম্যান।
সংযুক্ত আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হবেন দ্রাবিড়। দুবাইতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও ও সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যে এক বৈঠকও সেরেছেন ৪৮ বছর বয়সী এক তারকার সঙ্গে।
শুক্রবার আইপিএলের ১৪তম আসরের ফাইনালের রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। শিগগিরই তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ হিসেবে পদত্যাগ করবেন।’
বিসিসিআইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি হতে পারে দ্রাবিড়ের। বাৎসরিক ১০ কোটি রুপি বেতনে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলি-রোহিত শর্মাদের দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে শাস্ত্রী পেতেন ৮.৫ কোটি রুপি।
কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দ্রাবিড়। বর্তমানে তিনি দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে নিযুক্ত আছেন।
২০১২ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের দায়িত্ব সামলান দ্রাবিড়। তার অধীনে ২০১৮ সালে যুবা বিশ্বকাপ জেতে ভারত।
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা ব্যাটসম্যানের হাত দিয়ে তৈরি হয়েছেন দেশটির বর্তমান সময়ের বেশ কয়েকজন তারকা। দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব থাকাকালীন শিষ্য হিসেবে পেয়েছিলেন ঋষভ পন্ত, আভাস খান, পৃথ্বি শ, হনুমা বিহারী ও শুভমান গিলকে।