আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোহাম্মদ আলী (৫৫) মারা গেছেন।
শনিবার সকালে ওই ওয়ার্ডের বাঐতারা এলাকায় ভোটারদের মাঝে নির্বাচনী গণসংযোগ করার সময় অকস্মাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী বাঐতারা গ্রামের মৃত তাহের মণ্ডলের ছেলে। তিনি গত বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয়রা জানান, এদিন সকালে নিজ নির্বাচনী এলাকার বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভোটারদের মাঝে গণসংযোগকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীনুর রহমান বলেন, মোহাম্মদ আলীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি।
তিনি বলেন, তার পরিবার জানায় তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।