একসঙ্গে বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

পারিবারিক কলহের জের স্বামী-স্ত্রীর বিষপানে স্বামী আরমান তালুকদার রাজিব (৩৫) মারা গেছেন। স্ত্রী লাইজু আক্তারের (২৮) অবস্থা সঙ্কটাপন্ন।

শুক্রবার রাতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আরমান তালুকদার রাজৈর উপজেলার খলিল তালুকদারের ছেলে। তিন বছর আগে একই উপজেলার বদরপাশা ইউনিয়নে লাইজুর সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মাঝে দীর্ঘদিন যাবৎ কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে আরমান ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী পান করেন।

পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরমান মারা যান। তার স্ত্রী লাইজুর অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে দুই পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হয়নি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষ পান করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।