ওমানে গিয়ে প্রস্তুতি ম্যাচ একটিও খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের না থাকা আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচেই ভুগিয়েছে বাংলাদেশকে। সঙ্গে সাকিব আল হাসান আইপিএল ব্যস্ততার কারণে ছিলেন না দলে। আবার মোস্তাফিজ খেলেছেন এক ম্যাচে। সবকিছু এখন অতীত। সাকিব দলে ফিরেছেন, মোস্তাফিজও ফিরেছেন তার আগে। আর মাহমুদউল্লাহ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাই পূর্ণশক্তির দলে শক্তিশালী বাংলাদেশ।
গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে প্রশ্ন গেল মাহমুদউল্লাহর কাছে। দল কেমন হবে? অধিনায়ক কোনো রাখঢাক না করেই বললেনÑ এবার আর অত স্পিনার নিয়ে খেলছেন না। মানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে দুই সিরিজে যেভাবে দলে তিন স্পিনার ছিলেন, আবার নিজেও হাত ঘুরিয়েছেন, বিশ্বকাপে তা হচ্ছে না। আবার রহস্য করে পরক্ষণেই বললেনÑ ওই দুই সিরিজে যেমন একাদশ নিয়ে খেলেছেন তাতে খুব একটা বদলও আসবে না। বেশি স্পিনার না নেওয়ার ব্যাপারে মাহমুদউল্লাহর কথা ঠিক থাকলে তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ তিন পেসার থাকতে পারেন দলে। কারণ, সাইফউদ্দিনের কোমরের ইনজুরি আছে। গতকাল অনুশীলনে দলের সঙ্গে রানআপ করেননি, একা একাই করেছেন। এই রানআপে ছিলেন না শরিফুলও। পেসার একজন কমলে শেখ মাহেদী হাসানের একাদশে থাকা হতে পারে। মাহেদী ও সাকিব হতে পারেন মোস্তাফিজ ও তাসকিন বা শরিফুলের সঙ্গী। তবে ব্যাটিং লাইন নিয়ে কোনো চিন্তা নেই। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তিতে সেখানে শক্তি বাড়ছে আরও।
পিঠের নিচের দিকের অস্বস্তি কাটিয়ে মাহমুদউল্লাহ পুরো ফিট বলছেন। আজকের ম্যাচে নিশ্চিতভাবেই নেতৃত্ব দিচ্ছেন, ‘আমি অনেকখানি রিকভারি করেছি। ৯-১০ মাস আগে যে ইনজুরি ছিল সেটাই এখানে আসার পর আবার আসে। তাই খেলতে পারিনি। তো এখন উন্নতি হয়েছে। আশা করি সামনের ম্যাচে খেলব।’ আইপিএল ব্যস্ততার কারণে দলের সঙ্গে যথাসময়ে না থাকা সাকিবও যে আজকের জন্য প্রস্তুত সেটাও নিশ্চিত করলেন অধিনায়ক। জানালেন ক্লান্তি নিয়ে হলেও গতকাল অনুশীলন করেছে সাকিব। আর ম্যাচ তো খেলবেই, ‘সাকিব আজ সকালে এসেছে। সে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। অনুশীলনও করবে। তবে সে একটু ক্লান্ত দীর্ঘ সময় আইপিএল খেলার কারণে। তবে সে থাকছে।’
এদিকে মুশফিকুর রহিমের অফফর্ম নিয়েও চিন্তিত নন মাহমুদউল্লাহ। দলের সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ড সিরিজ থেকে রান পাচ্ছেন না। তাতে চিন্তিত না হয়ে মুশফিকের ওপর আস্থা ও পুরো দলের সমর্থনের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘মুশফিক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। এমন ক্রিকেটারের জন্য হতে পারে খারাপ সময় যায়। কিন্তু তার ওপর সন্দেহ করার কিছু নেই। সে সঠিক সময়েই ফিরে আসবে। হতে পারে কালকের ম্যাচেই। আমরা বিশ্বাস করি সে পরের ম্যাচেই ফিরে আসবে। এবং আমাদের টিম ম্যানেজমেন্টের সাপোর্ট আছে।’
সাপোর্ট থাকুক বা নাই থাকুক মুশফিক রান ছাড়া থাকতে পারেন না। তাই গতকাল অনুশীলনে এসে সবার আগেই নেটে ঢুকে পড়লেন ব্যাট হাতে। দল একত্রিত হওয়ার আগ পর্যন্ত নক করে গেলেন। যে করেই হোক ফর্মে ফিরতে চান। বাংলাদেশও চায় মুশফিক ফর্মে ফিরুক।