নারায়ণগঞ্জ, গাজীপুরে দুই চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে মিশুকচালককে এবং গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইয়ের জন্য ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া বাগেরহাট শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক মিশুকচালককে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৮টার দিকে ফতুল্লা থানার নয়াবাজার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর শাহ আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, নিহত সুজন একসময় গার্মেন্টসে কাজ করতেন। পরে শারীরিক অসুবিধার জন্য চাকরি ছেড়ে দিয়ে গত শুক্রবার থেকে মিশুক চালানো শুরু করেন। গতকাল শনিবার সকাল ৭টায় একটি ফোন পেয়ে বাসা থেকে বের হন সুজন। একটি গাড়িতে সুজনসহ আরও তিনজন আসেন নয়াবাজার মুসলিমনগর এলাকায়। এ সময় তিনজন মিলে সুজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে চালককে গলা কেটে খুন করে ইজিবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩০) শেরপুর জেলার শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর উত্তরখান থানা এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া জানান, কালীগঞ্জের পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের ভেতর দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন এক নৈশপ্রহরী। এ সময় রাস্তার পাশ থেকে একজনের বাঁচার আকুতি জানানোর শব্দ পান। ওই নৈশপ্রহরী বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাগেরহাট : শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নাসিমা (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের রাহাতের মোড়ের আবাসিক বিলাস হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা ওই নারী মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় নারীর স্বামী পরিচয় দেওয়া রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মারা যাওয়া ওই নারীর বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। এর বেশি বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।