টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার চোখ থাকে সাধারণত ব্যাটারদের ওপর। তবে কখনো কখনো দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন বোলাররা।
ব্যাটার-বোলারদের বাইরে কথার গাঁথুনিতে ক্রিকেটকে আরও প্রাণবন্ত করে তোলেন ধারাভাষ্যকাররা। ম্যাচের প্রতি মুহূর্তে ওঠানামা করে তাদের কণ্ঠ। তাতে থাকে কখনো উচ্ছ্বাস, কখনো বা হতাশ্বাস।
রবিবার থেকে আরব-আমিরাত ও ওমানে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন বিশ্বের এক ঝাঁক নামী ধারাভাষ্যকার। ইতোমধ্যে আইসিসি ২১ জন ধারাভাষ্যকারের নাম জানিয়েছে।
সেই তালিকায় বিশ্বকাপে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের ধারাভাষ্যকাররা রয়েছেন। পুরোদস্তুর ধারাভাষ্যকার হার্শা ভোগলেদের পাশাপাশি তালিকায় আছেন খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে যোগ দেওয়া শেন ওয়াটসন-ড্যারেন স্যামি-ডেল স্টেইনরা। বাংলাদেশ থেকে আছেন কেবল আতাহার আলী খান।
আইসিসি ধারাভাষ্যকারদের নিয়ে এক ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। সেই ভিডিওতে আতাহার আলী খানকে পরিচয় করিয়ে দেওয়া হয় তার ট্রেডমার্ক শব্দ ‘ম্যাগফিসেন্ট’ দিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন যারা: ইয়ান বিশপ, শেন ওয়াটসন, ডেল স্টেইন, সুনীল গাভাস্কার, ড্যারেন স্যামি, নাসের হুসেইন, আনজুম চোপরা, ড্যানি মরিসন, রাসেল আর্নল্ড, মার্ক নিকোলাস, নিল ও’ব্রায়ান, হার্শা ভোগলে, মাইকেল আথারটন, নাতালি গার্মেনস, সাইমন ডল, মুরালি কার্তিক, বাজিদ খান, অ্যালান উইলকিন্স, আতাহার আলী খান, প্রিস্টন মমসেন, পমি এমবাঙ্গওয়া।