বাগদাদ থেকে খোরাসান, সব জায়গায় শিয়াদের ওপর হামলা হবে : আইএস

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে গত ১৫ অক্টোবর (শুক্রবার) ভয়াবহ আত্মঘাতি বোমা হামলায় ৬০ জনের বেশি মুসল্লি নিহত এবং ৮০ জনের বেশি আহত হওয়ার দুই দিন পর আজ রবিবার ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হুমকি দিয়েছে যে, শিয়া মুসলমানরা ‘বিপজ্জনক’ এবং সব জায়গায় তাদের ওপর হামলা চালানো হবে।

রবিবার আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খামা প্রেস জানায় জঙ্গি গোষ্ঠী আইএস বলেছে, ‘বাগদাদ থেকে খোরাসান পর্যন্ত সব জায়গায় শিয়া মুসলমানদের টার্গেট করে হামলা চালানো হবে’।

ইসলামিক স্টেটের সাপ্তাহিক পত্রিকা আল-নাবায় আই এস এর এই হুমকি প্রকাশ করা হয়েছে। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে আইএস হুমকি দিয়েছে, শিয়া মুসলমানদের ওপর তাদের বাড়িঘর ও ধর্মীয় কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। আইএস-কে এখন আফগানিস্তানের তালেবান সরকারের জন্যও সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে।

আইএস এর আফগান শাখা আইএস-কে শনিবার নিশ্চিত করেছে যে, তারাই কান্দাহারের ইমাম বারগাহ-ই-ফাতেমা মসজিদে হামলা চালিয়েছে। আইএস এর আত্মঘাতী বোমা হামলাকারীরা জুমার নামাজের সময় এই হামলা চালায়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধী, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ আরোপ করেছে।

গত শুক্রবারের (১৫ অক্টোবর) এই হামলা আফগানিস্তানের শিয়া মসজিদে তালেবানের ক্ষমতা দখলের পর দ্বিতীয় বোমা হামলা। এর আগে গত ৮ ই অক্টোবর (শুক্রবার) কুন্দুজের সৈয়দ আবাদ মসজিদে এক আত্মঘাতি হামলায় অন্তত ১০০ জনের বেশি মানুষ মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। আইএস-কে সেই হামলার দায়ও স্বীকার করে নিয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ধর্মীয় স্থানগুলোতে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।