বরিশাল সদর উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অপরাধে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রিয়াজ হোসেন বলেন, উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বারইকান্দি ও পতাং গ্রামে গিয়ে একটি কমিটি গঠন করেন খলিল। এরপর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে যাদের বাড়ি প্রয়োজন তাদের কাছ থেকে ২৫ হাজার করে টাকা নেন। এরপর ঘর না দিয়ে টাকা দিতে তাদের ঘোরাতে থাকেন।
গতকাল রবিবার টাকা দেওয়ার কথা বলে খলিলকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডেকে আনা হয়। সেখান থেকে তাকে আটক করে ইউটএনও মুনিবুর রহমানের কাছে সোপর্দ করেন ভুক্তভোগীরা। ইউএনওর নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সদর ভূমি কর্মকর্তা নিশাত তামান্না। নিশাত তামান্না জানান, প্রতারক খলিলকে ১৫ জনের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।