মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবীর সোমবার দুপুরে বলেন, গ্রেপ্তার মো. শামীম (২৭) শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম অ্যান্টি টেররিজম ইউনিট। তারা সরকার কর্তৃক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে আটক করে থানা নিয়ে আসেন। শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল।
ফিরোজ কবীর বলেন, বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে থাকা শামীমের বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।