ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের হাবিবুর রহমান বাদল ও দৈনিক যুগান্তরের রাজু আহমেদ। রবিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামস মোহাম্মদ জগলুল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তোফায়েল হোসাইন।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহসভাপতি ও সিটি মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন এই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ এপ্রিল আলী রেজা রিপন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে (ডিজিটাল নিরাপত্তা আইন) একটি মামলা (নং ৩৯) দায়ের করেন।
একই দিন দৈনিক যুগান্তর ও ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি রাজু আহমেদের বিরুদ্ধেও একই আইনে অপর একটি মামলা (নং ৪০) দায়ের করেন।
জানা গেছে, হাবিবুর রহমান বাদল ও রাজু আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রথমে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরবর্তী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ তদন্ত করে। তদন্তে উভয় মামলায় সিআইডি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে বিবাদীদের মামলা থেকে অব্যাহতির মত দেয়। কিন্তু ওই রিপোর্টের বিরুদ্ধে বাদী পক্ষ নারাজি দিলে পরবর্তীতে মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ তদন্ত সম্পন্ন করে।
অভিযোগ রয়েছে, পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা একপেশে তদন্তের পর মামলা ২টিতে চার্জশিট দাখিল করলে প্রচলিত আইন অনুযায়ী ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে প্রেরণ করেন জেলা ও দায়রা আদালত। রবিবার ওই মামলায় শুনানি শেষে আদালতের বিচারক ২ জনকে জামিন প্রদান করেন।
এ সময় বিবাদী পক্ষের আইনজীবী তোফায়েল হোসাইন বলেন, আদালতের বিচারক শুনানি শেষে বিবাদীদের স্থায়ী জামিন প্রদান করেছেন।