গাজীপুরে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে দম্পতির মৃত্যু

গাজীপুরে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে গার্মেন্টসকর্মী এক দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার মো. ফিরোজ হোসেন (২৭) ও তার স্ত্রী নেত্রকোনা জেলার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার তাহমিনা আক্তার লিজা (২০)।

পুলিশের ওই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার। মাসখানেক আগে লিজা চাকরি ছেড়ে দেন। ফুটপাতের হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট রবিবার তারা দুজনেই সেবন করেন।

তিনি আরও জানান, রাত দেড়টার দিকে তাদের হইচই শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে ওই দম্পতি স্থানীয়দের জানান তারা যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করেছেন।

প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে-ই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।