জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজন করে আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতা।
প্রসাধনী প্রতিষ্ঠান ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ’ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আন্তর্জাতিক অনলাইন এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না।
এ ছাড়া বাংলাদেশের আরেক শুটার সৈয়দা আতকিয়া হাসান দিশা রুপা ও শাকিল আহমেদ জিতেছেন ব্রোঞ্জ পদক।
মুন্না ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৬.৮ স্কোর গড়ে সেরা হয়েছেন। ইউক্রেনের উজ্জাই এসভিয়াতোস্লাভ ৬২৬.৩ স্কোর গড়ে রুপা এবং কাজাখস্তানের উসেইনভ ইসলাম ৬২৫.৪ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান ৬২৩.৩ স্কোর গড়ে রুপা জিতেছেন। এই ইভেন্টে স্বর্ণ জেতেন কাজাখস্তানের বেজরুকোভা ইয়েলিজাভেতা, তার স্কোর ৬২৯.৬। বাহরাইনের আলদোসেরি সাফা ৬২২.৯ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন।
১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের তারকা শুটার শাকিল আহমেদ ব্রোঞ্জ জিতেছেন। তবে মেয়েদের ইভেন্টে স্বাগতিকদের কেউ পদক জিততে পারেননি।
ভারত, বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, ইউক্রেন, সিঙ্গাপুর ও স্বাগতিক বাংলাদেশের ৭৩ জন শুটার অংশ নেন এই প্রতিযোগিতায়। বিজয়ীদের অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এ সময় মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু উপস্থিত ছিলেন।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কাশ্মিরী বিউটি বাই জিনিয়াথের চেয়ারম্যান আশরাফুজ্জামান আদনান বলেন, ‘শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে এমন আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত। আজকের প্রতিযোগিতাটি বেশ ভালো হয়েছে। ভবিষ্যতেও আমরা এমন আন্তর্জাতিক মানের আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকতে চাই।’