সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি ফটো সাংবাদিক সফিকুল ইসলাম জনির (৩২)।
সোমবার রাত ১০টার দিকে ফতুল্লা থানার পঞ্চবটি বিসিক সড়কে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, একটি সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ শেষে রাতে বাসায় ফেরার পথে পঞ্চবটি বিসিকের নতুন সড়কের কাছে শাহ সিমেন্টের একটি ট্রাক মোটর সাইকেলসহ জনিকে চাপা দেয়।
তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
নিহত জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় দৈনিক নারায়ণগঞ্জের আলো’র সাবেক ফটো সাংবাদিক। তিনি ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে শাহ সিমেন্টের ট্রাক চাপায় সাংবাদিক সফিকুল ইসলাম জনি নিহতের প্রতিবাদে বুধবার প্রতিবাদ সভা ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব। তার পরিবারে মা, স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান রয়েছে।