বেরিংটনের ব্যাটে স্কটল্যান্ডের চ্যালেঞ্জিং পুঁজি

বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড দুর্দান্ত খেলছে পাপুয়া নিউগিনির বিপক্ষেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে দলটি।

মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্কটিশরা। রিচি বেরিংটনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে দলটি।

বেরিংটন ৪৯ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ৬ চার ও ৩ ছক্কায়। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রস ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় খেলেন ৪৫ রানের ইনিংস।

স্কটল্যান্ডের শুরুটা তেমন ভালো ছিল না। দলীয় ২৬ রানে বিদায় নেন দুই ওপেনার কাইল কোয়েটজার (৬) ও জর্জ মানসে (১৫)। তৃতীয় উইকেটে ক্রসের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে তোলেন বেরিংটন।

১৫তম ওভারে দলীয় ১১৮ রানে ফিরে যান ক্রস। এরপর ক্যালাম ম্যাকলিওডের সঙ্গে ৩৩ রানের জুটি উপহার দেন বেরিংটন। এই দুই জুটিই মূলত স্কটল্যান্ডকে বড় পুঁজি এনে দেয়।

তবে স্কটিশদের রান আরো বড় হতে পারত। শেষ দুই ওভারে দলটি ৬ উইকেট হারায়। ২০তম ওভারে একটি রান আউটসহ পড়ে মোট চার উইকেট। এই দুই ওভারে ১৫ রান নিতে পারে দলটি।

পাপুয়া নিউগিনির বাঁহাতি পেসার কাবুয়া মোরিয়া সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। দলের হয়ে প্রথম আঘাত হেনেছিলেন তিনিই। শেষ ওভারেই তুলে নেন ৩ উইকেট।

ডানহাতি পেসার চাদ সোপার নিয়েছেন ৩ উইকেট। ১৯তম ওভারে ম্যাকলিওড ও বেরিংটনের উইকেট নেন তিনি।