টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বাঁচা মরার লড়াইয়ে’ ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে যাওয়া ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁহাতি ওপেনার সৌম্য সরকার জায়গায় হারিয়েছেন। তার বদলে একাদশে এসেছেন আরেক বাঁহাতি নাঈম শেখ।
মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও ওমান জয় দিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন। পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারায় তারা। ফলে এই ম্যাচ তারা খেলতে নামছে অনেকটা নির্ভার থেকে এবং আত্মবিশ্বাস নিয়ে।
অন্যদিকে বাংলাদেশ প্রবল চাপে। কারণ এই ম্যাচ হারলে প্রথম পর্ব বা বাছাই পর্বেই বিশ্বকাপ অভিযান থেমে যাবে মাহমুদউল্লাহ রিয়াদদের।
এদিন দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচে দুই জয়ে বিশ্বকাপের মূল পর্বের দুয়ারে তারা।
ওমানের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলে ওমান ও স্কটল্যান্ড দুই দলই উঠে যাবে মূল পর্বে। আর বাছাই পর্ব থেকেই বিদায় নেবে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি।
বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে এই ম্যাচ তো জিততে হবেই, হারাতে হবে পাপুয়া নিউগিনিকেও। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড-ওমান ম্যাচের দিকেও।
একাদশ
বাংলাদেশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওমান: জিসান মাকসুদ, আকিব ইলিয়াস, জাতিন্দার সিং, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গৌড়, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, ফায়াজ বাট, কাশ্যপ।