ঢাকার দোহার উপজেলায় ভুল চিকিৎসায় মারজানা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।
নিহত মারজানা উপজেলার চর লটাখোলা গ্রামের মো.ইউনুসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করে তার পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিউলি আক্তারকে খুঁজতে থাকেন মারজানার পরিবার।
অনেক খোঁজাখুঁজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে। এ সময় উপায়ন্তর না পেয়ে নার্সকে জানালে দায়িত্বে থাকা একজন নার্স মারজানাকে ঘুমের ওষুধ দেয়। এর কিছুক্ষণ পর মারা যায় শিশুটি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, তদন্ত কমিটির মাধ্যমে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিশুটির পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।