টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানে জয়ের ম্যাচে ৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আর তাতেই এই বাঁহাতি স্পিনার বসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির পাশে।
সাকিব ও আফ্রিদি, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুজনেরই এখন উইকেট ৩৯টি করে।
২০০৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সাকিব রেকর্ডটি স্পর্শ করলেন ২৭ ইনিংসে। আফ্রিদি রেকর্ডটি গড়েছিলেন ৩৪ ইনিংসে।
এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারির রেকর্ড নিজের করে নেন সাকিব।
পরের ম্যাচে এক উইকেট পেলে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি এককভাবে সাকিবের হবে।
বোলিংয়ে আলো কাড়ার আগে ব্যাট হাতেও দুর্দান্ত খেলেন সাকিব। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায়। ৮৪ রানের এই জয়টি টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ। এই জয়ের সুবাদে আসরের সুপার টুয়েলভ পর্বও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচ হয় হয়েছেন সাকিব।