পদ্মা নদীতে নিষিদ্ধ মা ইলিশ শিকারের অপরাধে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৫ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত লৌহজংয়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ২৫ জেলের কাছ থেকে ৪০ কেজি মা ইলিশ, ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি ট্রলার জব্দ করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ ১৯ জন জেলেকে ১০ দিন করে ও দুজনকে এক মাস করে কারাদন্ড দেন। এছাড়া একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেন। সেই সঙ্গে আটক ইলিশ দুটি এতিমখানায় বণ্টন করে দেওয়া হয় ও নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়ে ফেলা হয়।