সরকারি চাল পাচার: গ্রেপ্তার এড়াতে উলঙ্গ হয়ে পালালেন ইউপি সদস্য

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শফি বুধবার রাতে সরকারি চাল কালোবাজারে পাচার করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে। এ সময় পরনের লুঙ্গি খুলে যাওয়ায় উলঙ্গ হয়েই দৌড়ে পালান তিনি। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। 

এ বিষয়ে এলাকাবাসী জানান, হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত এ সরকারি চাল বুধবার রাতে অটোভ্যানে করে কালোবাজারে বিক্রির জন্য বড়হর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শফি অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পথের মধ্যে তাকে আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ এসে পৌঁছালে গ্রেপ্তার এড়াতে ইউপি সদস্য শফিকুল ইসলাম কয়েক শ লোকজনের সামনে পরনের লুঙ্গি খুলে ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। পরে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ কেজি সরকারি চাল ও শফিকুল ইসলাম শফির ফেলে যাওয়া লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ দেখে চাল,পরনের লুঙ্গি ও জুতা ফেলে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।