কুমিল্লায় সহিংসতার সময় আহত দিলীপ কুমার দাস (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ১৩ অক্টোবর তিনি মনোহরপুর এলাকার রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরের ফটক বন্ধ করতে গিয়ে ইটের আঘাতে আহত হন।
দিলীপ কুমার কুমিল্লা নগরের কোতোয়ালি থানা ফটকের উল্টোদিকে পানপট্টি এলাকার বিষু লালদাসের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
কুমিল্লা মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু জানান, ১৩ অক্টোবরের মন্দিরে পাশ দিয়ে মিছিল হওয়ার সময় তিনি মিছিল থেকে ছোড়া ইটপাটকেলে আহত হন। আহতাবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
দিলীপ কুমারের ভাতিজা শান্ত কুমার দাস জানান, দুই দফা অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, ‘ঢাকায় একজন মারা গেছে বলে শুনেছি।’