ঋণখেলাপি হওয়ার পরও জামালপুর সদরের লক্ষ্মীরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুৎকে বৈধ হিসেবে ঘোষণার অভিযোগ উঠেছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ওই প্রার্থীকে বৈধ ঘোষণা করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান।
শুক্রবার সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষ্মীরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান লিখিত অভিযোগে বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে লক্ষ্মীরচর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুৎকে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। অথচ ২০ অক্টোবর আফজাল হোসেন বিদ্যুৎকে ঋণখেলাপি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই দিনই সদর উপজেলা নির্বাচন অফিসে চিঠিও পাঠায় রিটার্নিং কর্মকর্তা।
তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের দিন আফজাল হোসেন বিদ্যুতের প্রার্থিতা অযোগ্য ঘোষণার দাবি করেন লক্ষ্মীরচর ইউনিয়নের অন্যান্য প্রার্থীরা। কিন্তু পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণখেলাপি হওয়ার পরও আফজাল হোসেন বিদ্যুৎকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ ব্যাপারে লক্ষ্মীরচর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওই প্রার্থী ঋণখেলাপি নয় বলে অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করায় আফজাল হোসেন বিদ্যুতের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে করো আপত্তি থাকলে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে বলে জানান তিনি।