টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের চিন্তামুক্ত করলেন ব্যাটার তেম্বা বাভুমা ও স্পিনার তাবরিজ শামসি।
শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়া বনাম দ.আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার টুয়েলভের। অজিদের বিপক্ষে ম্যাচের আগে আর প্রশ্ন থাকছে না বাভুমা-শামসির ফিটনেস নিয়ে।
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বৃদ্ধাঙ্গুল ভাঙে বাভুমার। সেই চোটের ৫০ দিন পর এই সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার শামসি গত বুধবার পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে চারটি ডেলিভারির পর কুঁচকির চোটে পড়েন।
তবে শুক্রবার সংবাদ সম্মলেনে প্রোটিয়াদের সব দুশ্চিন্তা দূর করে দিলেন বাভুমা। তিনি জানান, তারা উভয়ে খেলার জন্য ফিট আছেন।
প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক বাভুমা বলেন, ‘আমার দলে, সবার ফিটনেস ভালো আছে। কোনো সমস্যা ছাড়ায় আমি দুটি ম্যাচ খেলেছি। হাত ঠিক আছে। তাই আমি এগিয়ে যেতে চাই। শামসিও ভালো আছে। আমি বুঝতে পারছি, সে-ও ভালোভাবে এগোতে চায়। আজ সে তার ফিটনেস পরীক্ষায় পাস করেছে।’