ডাচদের বিপক্ষে মাত্র ৪৩ বলে ম্যাচ জিতল লঙ্কানরা

টার্গেট মাত্র ৪৫ রান। মামুলি এই রান তাড়া করে জয় পেতে কোনো বেগ পেতে হলো না শ্রীলঙ্কাকে। ৭৭ বল ও ৮ উইকেট হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিল তারা।  

আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা লঙ্কানরা এ নিয়ে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে টানা তিন জয় পেল। বিপরীতে টানা তিন হার ডাচদের। এর আগে দুই ম্যাচ হারায় আসর থেকে ছিটকে যায় তারা। ‍

ডাচদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশানকা খালি হাতে ফিরলেও আরেক ‍ওপেনার কুশল পেরেরা সহজেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। লঙ্কান উইকেটরক্ষকের ২৪ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চারে।

এছাড়া চারিথ আসালাঙ্কা করেন ৬ রান। অপরাজিত ২ রান করেন আভিষ্কা ফার্নান্দো। ডাচদের হয়ে একটি করে উইকেট ভাগাভাগি করেছেন ব্রেন্ডন গ্রোভার ও পল ফন মিকেরেন।

এর আগে নিয়মরক্ষার ম্যাচে ব্যাট করতে নেমে দলীয় ফিফটিও করতে পারেনি নেদারল্যান্ডস। লঙ্কান বোলারদের সামনে ১০ ওভারে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায় ডাচরা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর। আর সীমিত ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপ ইতিহাসে এটি কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে কম বল খেলতে পারার রেকর্ডও এটি।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ১০.৩ ওভারে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল ডাচরা। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে কেবল দুই অঙ্কের ঘরে ছুঁয়েছেন কলিন অকারম্যান (১১)। এছাড়া বেন কুপারের ব্যাট থেকে আসে ৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট ভাগাভাগি করেন লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১ ওভার হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহিষ থিকশানা। ৩ ওভারে ৭ রান দিয়ে ম্যাচসেরা হয়েছেন কুমারা।

৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়া শ্রীলঙ্কা সুপার টুয়েলভে পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়নস ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের রানার-আপ বাংলাদেশ।