গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নবগঠিত কমিটির নেতারা।
গতকাল শুক্রবার দুপুরে সংগঠনের প্রেসিডেন্ট ফারুক হাসান পরিচালকদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
পরে ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘সরকারের সহযোগিতায় তৈরি পোশাকশিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। করোনাকালে যেসব কারখানা বন্ধ বা রুগ্ণ হয়ে পড়েছিল, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিগগিরই দেশের তৈরি পোশাক খাত আগের অবস্থানে ফিরে যাবে। তখন কর্মরতদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।’
এ সময় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবদুল মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।