টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পাশাপাশি শিরোপা জিততে পারলে বড় বোনাস পাবে পাকিস্তানের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট পাকিস্তান ক্রিকেট।
এবারের আসরের সুপার টুয়েলভের গ্রুপ-২ এ পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ— আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও নামিবিয়া।
রবিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সুখবর পেল পাকিস্তানিরা।
টিম ইন্ডিয়াকে হারাতে পারলে ম্যাচ ফির ৫০ শতাংশ বোনাস পাবেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। কেন্দ্রীয় চুক্তির হিসেবে একটি টি-টোয়েন্টির জন্য ৩ লাখ ৩৮ হাজার ২৫০ রুপি পান একেকজন পাকিস্তানি ক্রিকেটার।
আগামীকাল ভারতকে হারাতে পারলে তার সঙ্গে আরও প্রায় এক লাখ ৭০ হাজার রুপি করে পাবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অর্থাৎ, বিরাট কোহলিদের হারালে ৫ লাখের বেশি ম্যাচ ফি পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা।
পাকিস্তানিদের একই ইনক্রিমেন্ট দেওয়া হবে যদি তারা আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডকে হারাতে পারে। আর বিশ্বকাপ জিতলেই ম্যাচ ফি ৩০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে পাকিস্তানি ক্রিকেটারদের।