দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩০

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, আয়েশা বেগম (৪০) ও তার এক বছর বয়সী ছেলে আয়ান। নিহতদের বাড়ি চট্টগ্রামের কাটগড় ধুমপাড়া এলাকায়।

দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী, বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন খন্দকার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় আসছিলেন সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কুয়াকাটা থেকে দিনাজপুর যাচ্ছিলেন গোল্ডেন লাইন পরিবহনের আরও একটি বাস। দুটি বাসই বেপরোয়া ভাবে চালাচ্ছিলেন। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় বাঁক নেওয়ার সময় বেপরোয়া গতি থাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মুখোমুখি সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রাস্তার পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে মৃত ও ৩০ জনকে আহত উদ্ধার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহালম হাওলাদার যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণে চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী সেবা পরিবহন ও কুয়াকাটা থেকে দিনাজপুরগামী গোল্ডেন লাইন পরিবহন নামের বাস দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে দুই চালকসহ বাস দুটির ৩০ যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, অনেকের অবস্থাই আশঙ্কাজনক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে আটক করা হয়েছে। এ ছাড়া গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।