সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে পুলিশ ওই কিশোরকে তার বাড়ি থেকে আটক করে।
আটক কিশোরের নাম কৌশিক রায় তনু (১৭)। সে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার কৃপাসিন্ধুর ছেলে।
পুলিশ জানায়, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার কৌশিক রায় তনু শুক্রবার রাত ৯টার দিকে নিজের ফেইসবুক থেকে মহানবী (সা) নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। খবরটি জানাজানি হলে পুলিশ আজ বিকেলে তার বাড়িতে গিয়ে তাকে আটক করে।
‘কৌশিক রায় তনু স্বীকার করেছে সে তার ফেইসবুক থেকে এই অবমাননাকর পোস্টটি দিয়েছে এবং পরে ডিলিটও সে নিজে করেছে’ বলছে পুলিশ।
সার্বিক দিক বিবেচনা করে আটকের পর ওই কিশোরকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সুনামগঞ্জে আনা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, ‘ফেইসবুকে মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় আমরা কৌশিক নামের একজনকে আটক করেছি। আটকের পর সে স্বীকার করেছে সে তার ফেইসবুক থেকে পোস্টটি করেছে এবং সে পরে তার ফেইসবুক পোস্টটি ডিলিটও করেছে।’
আটকের সময় দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহও উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। সার্বিক দিক বিবেচনা করে আটক ব্যক্তিকে সুনামগঞ্জে নিয়ে গেছে পুলিশ।