আপাতত ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হবে। করোনার সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।’
গতকাল শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘এখন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছু কিছু দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। তাই এ মুহূর্তে ক্লাস বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।’