চাঁদপুর জেলার হাজীগঞ্জে সাম্প্রদায়িক হামলায় নিহত ২ পরিবারকে ১০ লাখ টাকার অনুদান হস্তান্তর করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রবিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
তিনি নিহত মানিক সাহার স্ত্রী লিলি সাহা ও নিহত মো. বাবুলের স্ত্রী বেবিয়ারা খাতুনের হাতে ৫ লাখ টাকা করে অনুদান তুলে দেন।
ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস। এ সময় জেলার পুলিশ সুপার জনাব মিলন মাহমুদ এবং অন্যান্য জনপ্রতিনিধি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। প্রতিষ্ঠার শুরু থেকেই তারা বাংলাদেশের সকল দুর্যোগে অগ্রগামী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক বৈশ্বিক মহামারি করোনা থেকে মানুষকে রক্ষায় বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকেরা সম্মুখসমরে নেমেছিলেন যা এখনো চলমান রয়েছে। চাঁদপুরের ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোয় তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, ‘বিদ্যানন্দ অনেক দিন ধরে নীরবে নিভৃতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে গেলেও সাম্প্রতিক করোনা মোকাবিলায় লাইমলাইটে চলে আসে। তিনি বলেন বিদ্যানন্দের এই বড় অনুদান ভুক্তভোগী পরিবারকে শক্তি ও সাহস জোগাবে। তিনি বিদ্যানন্দকে চাঁদপুরের দরিদ্র মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।’
ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন বলেন, ‘অনুদান গ্রহীতার মধ্যে হিন্দুর পাশাপাশি মুসলিমও আছে। আমরা ধর্ম দিয়ে মানুষ বিচার করতে চাইনি। যারা এই ঘটনায় অংশ নিতে না চেয়েও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। এই মুসলিম পরিবারটিও তাই। জানা মতে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। তবে আমরা প্রশাসনের ওপর নির্ভর করেছি সে সকল পরিবার নির্বাচিত করতে যারা দুর্ঘটনাক্রমে এই হামলায় ক্ষতির শিকার হয়েছেন, ইচ্ছাকৃতভাবে অংশ নেননি।
তিনি আরও বলেন, ‘এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশন পীরগঞ্জের ২৬ পরিবারে ৩১ লাখ টাকা এবং নোয়াখালীর ৭ পরিবারে ১৪ লাখ টাকার অনুদান প্রদান করে।’