ট্রাকচাপায় বিমানবাহিনীর সদস্যসহ নিহত ৩

সিরাজগঞ্জে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বিমানবাহিনীর সদস্য।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ শহরের ১ নম্বর খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে বিমানবাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৩)। নিহতরা একে অপরের বন্ধু।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছালে দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের গাড়াদহ কবরস্থানের সামনে মোটরসাইকেলের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী আইয়ুব আলী খান (৫৫) নিহত হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার নন্দী বেড়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা-পুলিশ জানায়, তালগাছি হাট থেকে অটো ভ্যানটি মোহনপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়াদহ কবরস্থানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে সরাসরি ধাক্কা দিলে অটো ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে অটো ভ্যানের যাত্রী ও মোটরসাইকেল চালককে উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আইয়ুব খানকে মৃত ঘোষণা করেন।

অটো ভ্যানের একজন যাত্রী ও মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক উল্লাপাড়া এইচটি ইমাম কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন।

হাটিকুমরুল থানার এএসআই ডালিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।