চুরির জন্য কাটা গাছে চাপা পড়ে ইজিবাইক চালকের মৃত্যু

কুষ্টিয়ায় চুরি করে গাছ কাটার সময় অসাবধানতায় কর্তনকৃত গাছের চাপাতেই মঞ্জুর হোসেন মঞ্জু (৫৫) নামে ব্যাটারি চালিত ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর-ভাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন মঞ্জু মিরপুর উপজেলার তালতলা গ্রামের শামসুজ্জোহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা এলাকার জনশূন্য স্থানটিতে কিছু অসাধু লোকজন আগে থেকেই চুরি করে রাস্তার একটি কাঁঠাল গাছ কাটছিল। ওই সময় রাস্তা দিয়ে ইজি বাইকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন মঞ্জু। ওই স্থানটি পার হওয়ার সময় হঠাৎ করে শিকড় কাটা গাছটি রাস্তার ওপর আছড়ে পড়ে। এ সময় চালক মঞ্জু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে চাপা পড়া ইজি বাইক এবং তার ভেতর থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, কিছু অসাধু লোক চুরি করে রাস্তার গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে। ঘটনাটির সংক্ষিপ্ত নোটসহ মরদেহ মিরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, আমাদের কুষ্টিয়া-মিরপুর সড়কের গাছগুলি দুর্বৃত্তচক্র মাঝে মধ্যে চুরি করে কেটে নিয়ে যায়। আজকে গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনার আগেও বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় সড়ক ও বন বিভাগের পক্ষ থেকে যৌথ ভাবে গাছ চুরির অভিযোগে মামলাও করা হয়েছিল। এত কিছু সত্ত্বেও প্রায়ই এই রাস্তার গাছ চুরির ঘটনা ঘটছে। আজকের ঘটনায় ঘটনাস্থলের দায়িত্বরত কর্মকর্তাকে আবারও মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা বলেন, কিছু লোক সড়ক বিভাগের গাছ কাটার সময় গাছটি ইজি বাইকের ওপর পড়ে একজন মৃত্যুর ঘটনা ঘটেছে। কে বা কারা কীভাবে এই গাছ কাটছিলে তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।