আয়কর বাবদ তিন কোটির বেশি টাকা দিতে আয়কর বিভাগ থেকে নোটিশ পেয়েছেন এক রিকশা চালক।
ওই রিকশা চালকের নাম প্রতাপ সিংহ। তিনি ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা।
নোটিশে বলা হয়েছে, তিন কোটি টাকা আয়কর হিসেবে দিতে হবে তাকে। তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া না জানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।
আয়কর দপ্তরের নির্দেশ পাওয়ার প্রতাপ গিয়েছিলেন হাইওয়ে থানায়। পুলিশ তার অভিযোগ শুনলেও তা নিয়ে কোনো মামলা দায়ের করেনি।
ওই থানার স্টেশন হাউস অফিসার অনুজ কুমার বলেছেন, ‘কোনো মামলা দায়ের হয়নি। কিন্তু বিষয়টি পুলিশ দেখছে।’ নেট মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন ওই রিকশাচালক।
সেই ভিডি্ওতে প্রতাপ জানিয়েছেন, বাকালপুরের একটি জন সুবিধা কেন্দ্রে প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন তিনি। তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান। প্যান কার্ডের রঙিন ফোটোকপি ব্যাঙ্কেও জমা দিয়েছিলেন। ১৯ অক্টোবর আয়কর বিভাগের অফিসারের থেকে ফোন আসে বলে জানিয়েছেন প্রতাপ। তখনই তাকে ওই নির্দেশের কথা জানানো হয়।
আয়কর বিভাগের পাঠানো নির্দেশে ওই রিকশাচালককে তিন কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে বলা হয়েছে।