আলো ঝলমলে রাতে উড়লেন পরীমণি, ছড়ালেন ভালোবাসা ( ভিডিও)

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রতিবছর জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন। এ বছরের জন্মদিনটা ছিল অন্য বছরগুলোর চেয়েও বিশেষ। সাম্প্রতিক ঘটে যাওয়া নানা মানসিক চাপ থেকে মুক্ত হয়ে পরীমণি এবার হাজির হলেন একেবারে ফুরফুরে মেজাজে, পরীর মতোই উড়লেন, উড়ালেন আগত অতিথিদেরও।

২৪ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের মিলনায়তন সাজিয়ে নিয়েছিলেন বিমানের ককপিটের আদলে। অনেকেরই উৎসুক জিজ্ঞাসা ছিল ককপিট কেন? পরীমণি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও এটা স্পষ্ট যে, গত বছরের জন্মদিনের সামান্য একটা ভুলের কারণে যে সমালোচনা হয়েছিল পরীমণি হয়তো তার দাঁত ভাঙা জবাব দিতেই ককপিটের আদলে সাজালেন জন্মদিন অনুষ্ঠানের মিলনায়তন।

গত বছর পরীমণি সেজেছিলেন ময়ূর বেশে। পাঁচ তারকা হোটেলে সেবার অনুষ্ঠানে আগত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় ভুলে ইংরেজিতে ময়ূরকে ‘পিকক’ বলতে গিয়ে ‘ককপিট’ বলে ফেলেছিলেন। এরপর তা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এবার পুরো মিলনায়তনকে ‘ককপিট’ বানিয়ে কি সেই সমালোচনারই দাঁত ভাঙা জবাব দিলেন পরী! হয়তোবা।

২৪ অক্টোবর রাত ১০টার দিকে বিমানের ককপিটের আদলে সাজানো মঞ্চ থেকে গানের তালে নাচতে নাচতে পরী নেমে আসেন নিচে। নাচতেই নাচতেই আগত অতিথিদের স্বাগতও জানালেন। কাউকে জড়িয়ে ধরলেন ভালোবেসে, কারও সঙ্গে বা নাচলেন। গানের তালে তালে পরীর এমন উড়াউড়িতে মুগ্ধ হয়ে তার সঙ্গে উড়লেন অতিথিরাও। অবশ্য পরীমণির এবারের জন্মদিনের স্লোগানই ছিল, ‘ফ্লাই উইথ পরীমণি’- পরীর সঙ্গে উড়ো। আর মানুষের উড়তে গেলে বিমান ছাড়া বিকল্প নেই। তাই এই অনুষ্ঠানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। পরী নিজেও সেজেছিলেন বিমানবালার সাজে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের ডিজাইনে লাল-শাদার মিশ্রণে তৈরি কস্টিউমকে বিশেষ কায়দায় লুঙ্গি বানিয়ে নিজের ফ্যাশনে আরও ভিন্নতা আনেন পরী। আর পুরোটা সময় ধরে লুঙ্গি ডান্সে মেতেছিলেন এই নায়িকা।

নেচে নেচে অতিথিদের স্বাগত জানানোর পর নানাকে নিয়ে কেক কাটেন পরী। এরপর কিছুক্ষণ কেক নিয়ে পাগলামি করে কাটান। কেক কাটা পর্ব শেষ করেই অতিথিদের শুভেচ্ছা উপহার গ্রহণ করেন। অতিথিরাও তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে। নানা উপহারে ভূষিত করে। আর প্রতিটি উপহার পাওয়ার পর পরীর উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

এবারের জন্মদিনে উপস্থিত গণমাধ্যম বন্ধুদের কাছে কোনো মন্তব্য করেননি পরী। গণমাধ্যম কর্মীদের অনুরোধের জবাবে পরী বলেন, ‘এটা আমার ব্যক্তিগত অনুষ্ঠান। আপনাদের ভালোবেসে ডেকেছি, নিউজ করার জন্য নয়। আপনারা আমার আমন্ত্রণে এসেছেন এতেই আমি খুশি।’

এবার অতিথি বাছাইয়ে কিছুটা সতর্ক হয়েছেন পরী। কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন বিপদের সঙ্গীদের নিয়েই নিজের জন্মদিন উদ্‌যাপন করবেন তিনি। যতটুকু জানা গেছে, বেছে বেছেই নাকি দাওয়াত দিয়েছিলেন এই চিত্রনায়িকা। শুধু তাই নয়, তার আমন্ত্রণপত্রে লেখা ছিল, বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো। এরপর সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

পরীমণির জন্মদিনে উপস্থিত ছিলেন নায়ক, নায়িকা, পরিচালক, গণমাধ্যমকর্মীসহ নানা মাধ্যমের তারকারা। পরীমণি হাতে থাকা ‘গুনিন’ ও ‘প্রীতিলতা’ সিনেমার পুরো টিম উপস্থিত ছিল।  এ ছাড়াও উপস্থিত ছিলেন নায়ক সাইমন সাদিক, কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম,  চয়নিকা চৌধুরী, রাশিদ পলাশ, পরিচালক অপূর্ব রানা, দেবাশিষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অভিনেতা আমান রেজা, শরিফুল রাজসহ অনেকে।

পরীমণি বর্তমানে ব্যস্ত রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং নিয়ে। এরপরপরই কাজ ধরবেন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ছবির শুটিং। এর বাইরে তার হাতে রয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’ ও অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্র।

২০১৫ সালে মুক্তি পাওয়া শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে কাজ করে রূপালি জগতে পা রাখেন পরীমণি। ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৩ সালে। ২০১৪ সালে ‘রানা প্লাজা’ ছবির কাজ শুরু করে প্রথম আলোচনায় আসেন। কোনো ছবিমুক্তির আগেই প্রায় ৩০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমণি। তার মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আরও ভালোবাসবো তোমায়, স্বপ্নজাল ও অন্তর্জালা।

আরও পড়ুন...‘পিকক’ থেকে ‘ককপিট’, সমালোচনার দাঁতভাঙা জবাব পরীমণির (ভিডিও)