‘পিকক’ থেকে ‘ককপিট’, সমালোচনার দাঁতভাঙা জবাব পরীমণির (ভিডিও)

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রতিবছর জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন। এ বছরও ব্যতিক্রম ঘটল না। ২৪ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের মিলনায়তন সাজিয়ে নিয়েছিলেন বিমানের ককপিটের আদলে। অনেকেরই উৎসুক জিজ্ঞাসা ছিল ককপিট কেন? পরীমণি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও এটা স্পষ্ট যে, গত বছরের জন্মদিনের সামান্য একটা ভুলের কারণে যে সমালোচনা হয়েছিল পরীমণি হয়তো তার দাঁত ভাঙা জবাব দিতেই ককপিটের আদলে সাজালেন জন্মদিন অনুষ্ঠানের মিলনায়তন।

গত বছর পরীমণি সেজেছিলেন ময়ূর বেশে। পাঁচ তারকা হোটেলে সেবার অনুষ্ঠানে আগত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় ভুলে ইংরেজিতে ময়ূরকে ‘পিকক’ বলতে গিয়ে ‘ককপিট’ বলে ফেলেছিলেন। এরপর তা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এবার পুরো মিলনায়তনকে ‘ককপিট’ বানিয়ে কি সেই সমালোচনারই দাঁত ভাঙা জবাব দিলেন পরী! হয়তোবা।

২৪ অক্টোবর রাত ১০টার দিকে বিমানের ককপিটের আদলে সাজানো মঞ্চ থেকে গানের তালে নাচতে নাচতে পরী নেমে আসেন নিচে। নাচতেই নাচতেই আগত অতিথিদের স্বাগতও জানালেন। কাউকে জড়িয়ে ধরলেন ভালোবেসে, কারও সঙ্গে বা নাচলেন। গানের তালে তালে পরীর এমন উড়াউড়িতে মুগ্ধ হয়ে তার সঙ্গে উড়লেন অতিথিরাও। অবশ্য পরীমণির এবারের জন্মদিনের স্লোগানই ছিল, ‘ফ্লাই উইথ পরীমণি’- পরীর সঙ্গে উড়ো। আর মানুষের উড়তে গেলে বিমান ছাড়া বিকল্প নেই। তাই এই অনুষ্ঠানে ছিল- বোর্ডিং পাস, আসন, অ্যাপায়নসহ সবকিছু। পরী নিজেও সেজেছিলেন বিমানবালার সাজে।

আরও পড়ুন...আলো ঝলমলে রাতে উড়লেন পরীমণি, ছড়ালেন ভালোবাসা (ভিডিও)

পরীমণির এবারের জন্মদিনে উপস্থিত ছিলেন নায়ক, নায়িকা, পরিচালক, গণমাধ্যমকর্মীসহ নানা মাধ্যমের তারকারা। পরীমণি হাতে থাকা ‘গুনিন’ ও ‘প্রীতিলতা’ সিনেমার পুরো টিম উপস্থিত ছিল।  এ ছাড়াও উপস্থিত ছিলেন নায়ক সাইমন সাদিক, কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম,  চয়নিকা চৌধুরী, রাশিদ পলাশ, পরিচালক অপূর্ব রানা, দেবাশিষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অভিনেতা আমান রেজা, শরিফুল রাজসহ অনেকে।