ব্যাটাররা আলো কাড়ার পর বল হাতে জলে উঠলেন দলের দুই সেরা তারকা রশিদ খান এবং মুজিব উর রহমান। সুবাদে স্কটল্যান্ডকে রীতিমতো উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল আফগানিস্তান।
শারজাহয় সোমবার সুপার টুয়েলভ পর্বের গ্রুপ-২ এর ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটি তাদের সবচেয়ে বড় জয়।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড।
মুজিব তার ঘূর্ণিতে ধসিয়ে দেন স্কটল্যান্ডের ইনিংস। ৪ ওভারে ২০ রান খরচায় নেন ৫ উইকেট। নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন এই অফ স্পিনার।
কম যাননি লেগ স্পিনার রশিদ খান। ২.২ ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার জর্জ মানসে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের পুঁজি পড়ে আফগানিস্তান। মোট ১১টা ছক্কা হাঁকান আফগান ব্যাটাররা।
নাজিবুল্লাহ জাদরান ৩৪ বলে ৫৯ রান করেন ৫ রান ও ৩ ছক্কায়। রহমানউল্লাহ গুরবাজ ৩৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৬ রান করেন। হজরতউল্লাহ জাজাই ৩০ বলে ৪৪ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। স্কটল্যান্ডের পক্ষে সাফিয়ান শরীফ সর্বাধিক ২ উইকেট নেন।
আফগানিস্তানের মতো স্কটিশদেরও সুপার টুয়েলভে এটি ছিল প্রথম ম্যাচ। যারা প্রথম পর্বে বেশ চমক দেখায়। বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও ওমানকে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষ দল হিসেবে সুপার টুয়েলভ পর্বে পা রাখে।
বুধবার আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এরপর নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তাদের।
অন্যদিকে আফগানিস্তানের পরের ম্যাচ শুক্রবার, পাকিস্তানের বিপক্ষে। এরপর তারা খেলবে নামিবিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।