লকডাউনেও ওয়ান স্টপ সার্ভিস দিয়েছে বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়াম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলাকালেও বিডা ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা দিয়ে গেছে। এ ছাড়া ওএসএসে যুক্ত হয়েছে নতুন নতুন সেবা।

গতকাল সোমবার আগারগাঁওয়ের বিডা কনফারেন্স হলে কভিডপরবর্তী বিনিয়োগ অগ্রগতি কৌশল শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন। সেমিনারে জাইকার প্রজেক্ট লিডার তানাকা করোনাপরবর্তী বিনিয়োগ অগ্রগতি কৌশল তুলে ধরেন। এ সময় তিনি বিশ্বব্যাপী অর্থনীতি ও বিনিয়োগে কভিডের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা করেন। এ ছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কভিডপরবর্তী সময়ে পৃথিবীর চিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই সময়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের নতুন বিনিয়োগ কৌশল প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।