বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল। দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।

ওবায়দুল কাদের বলেন, তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের কী লাভ?

তিনি বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড।

সেতুমন্ত্রী বলেন, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি। অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপিদলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে।