ইভ্যালির নতুন বোর্ডের অন্যতম সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ইভ্যালির গ্রাহকদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পোস্টে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, কষ্ট যা হওয়ার আমার হবে।
তার পোস্টের নিচে অনেকেই আস্থাসূচক মন্তব্য করছেন।
তিনি লিখেছেন, যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত, হতাশ বা বিচলিত হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন।
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বর্তমানে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগারে রয়েছেন।
১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ, ইভ্যালির ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
মঙ্গলবার বেলা ১২টায় ইভ্যালি ধানমন্ডির অফিসে ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা হয়। সভায় নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ, পরিচালনার প্রক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় প্রাথমিক আলোচনা হয়। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালনা করা যায়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে- এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এদিকে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে নিজের ফেসবুক পোস্টে অন্যতম বোর্ড সদস্য মাহবুব কবীর মিলন লিখেন, যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত, হতাশ বা বিচলিত হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন।
তিনি আরও লিখেন, কষ্ট যা হবে, আমার হবে। হয়তো তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।