উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে পিটিয়ে জখম

চট্টগ্রামের আনোয়ারায় স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোহাম্মদ হাবিব নামে দশম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। গত সোমবার বিকেলে উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছেলেটির বাবা আবদুস সালাম থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে পাশ্ববর্তী দক্ষিণ সরেঙ্গা গ্রামের বেশ কিছু ছাত্রছাত্রী পড়ালেখা করে। কিন্তু স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময় ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে স্থানীয় বখাটেরা। গত সোমবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় স্কুলছাত্র হাবিব প্রতিবাদ করলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে তারা। তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে গেলে তাদেরও হেনস্থা করা হয়।