কোম্পানির নাম বদলাচ্ছে ফেইসবুক

ফেইসবুক তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দ্য ভার্জে প্রকাশিত রিপোর্টে এ খবর সামনে এসেছে। কয়েক বছর ধরেই ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির দুনিয়ায় গবেষণার কাজ করছিল মার্কিন কোম্পানিটি। সোশ্যাল মিডিয়া কোম্পানির থেকে নিজের পরিচয় পরিবর্তন করতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক।

দ্য ভার্জের রিপোর্টে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ফেইসবুকের কানেক্ট কনফারেন্স। সেদিনই নাম পরিবর্তনের বিষয়ে ফেইসবুকের প্রধান মার্ক জাকারবার্গ আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এমনটা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে দ্য ভার্জের রিপোর্টে। দ্য ভার্জে প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, কোম্পানির অধীনে ফেইসবুক, ইন্সটাগ্রাম হোয়াটসঅ্যাপ ব্র্যান্ডগুলো পৃথকভাবে কাজ করতে থাকবে। তবে এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি ফেইসবুক। গুগল যেমন অ্যালফাবেট কোম্পানির অধীনে কাজ করে একইভাবে একটি পেরেন্ট কোম্পানির অধীনে কাজ করবে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও কোম্পানির অন্যান্য সার্ভিস।

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছে, দ্রুত মেটাভার্সের মাধ্যমে পুরো দুনিয়া চলবে। তাই এই দুনিয়ায় নিজের নাম শক্ত করতে এখনই কোম্পানির নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এই কোম্পানি। এরই মধ্যেই ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অকুলাস কিনে নিয়েছে ফেইসবুক। তাই প্রতিষ্ঠানটি ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায় আর পিছিয়ে থাকতে রাজি নয়।

আর এ কারণেই সোশ্যাল মিডিয়া কোম্পানির পরিচয় থেকে বেরিয়ে আসতে চাইছে ফেইসবুক। এ মুহূর্তে ফেইসবুক নিয়ে  একাধিক অভিযোগ আছে। আর সে সময় কোম্পানির পরিচয় পরিবর্তন করে গ্রাহকের বিশ্বাস ফিরে পেতে চাইছে কোম্পানিটি।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে এরই মধ্যে কড়া সমালোচনার সম্মুখীন হয়েছে ফেইসবুক। কোম্পানির বিরুদ্ধে জেনেশুনে সমাজের ক্ষতি করার অভিযোগ এনেছেন ফেইসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার।