রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় আজ

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির রায় জানা যাবে আজ বুধবার। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ আলোচিত এই মামলার রায় ঘোষণা হবে।

এর আগে গত ১২ অক্টোবর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। ওইদিন বিচারকের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার অসুস্থ হয়ে ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায়ের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।

এ মামলায় সাফাত ছাড়া অপর আসামিরা হলেন সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। আসামিরা জামিনে ছিলেন। গত ৩ অক্টোবর রায় ঘোষণার তারিখ ধার্য করার সময় তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওইদিন উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ১২ অক্টোবর ধার্য করেছিল আদালত। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়। গত ২২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ৪৭ সাক্ষীর  মধ্যে ২২ জন সাক্ষ্য দেন।

২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রীকে রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে ওই বছরের ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে  মামলা হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ৭ জুন পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং আসামি সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।